Apan Desh | আপন দেশ

কানাডার বাজার ধরতে উদ্যোক্তাদের সহায়তায় ৫ বছ‌রের প্রকল্প 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২১, ১২ নভেম্বর ২০২৬

কানাডার বাজার ধরতে উদ্যোক্তাদের সহায়তায় ৫ বছ‌রের প্রকল্প 

ছবি: আপন দেশ

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) রফতানি সক্ষমতা বাড়ানো এবং কানাডাসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে চালু হয়েছে ট্রাইসেগ প্রকল্প। পাঁচ বছর মেয়াদি এ উদ্যোগের আওতায় বাংলাদেশের পাটজাত বহুমুখী পণ্য, হস্তশিল্প ও ফ্যাশন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ, বাজারসংযোগ, অর্থায়ন ও কারিগরি সহায়তা দেয়া হবে। বিশেষ গুরুত্ব দেয়া হবে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উদ্যোক্তাদের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিসিসিআই ও কানাডার ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ হোসেন। বাজার পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে লাইটক্যাসল পার্টনারস।

আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের ডেভেলপমেন্ট বিভাগের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিক। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম। প্রধান অতিথি ছি‌লেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক ও মাজেদা জুট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জাবদুল ইসলাম এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন।

‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ (ট্রাইসেগ) কানাডার অর্থায়নে পরিচালিত উদ্যোগ। এর লক্ষ্য জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত করা।

আরও পড়ুন<<>>দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন

টিএফও কানাডার তথ্য অনুযায়ী, এ প্রকল্পের আওতায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১৬টি দেশের ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সহায়তার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অন্তত দুই-তৃতীয়াংশ নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর মালিকানাধীন বা পরিচালিত প্রতিষ্ঠান। পাশাপাশি ৫ হাজার ৫০০ উদ্যোক্তাকে অনলাইন বাণিজ্যবিষয়ক তথ্যসেবা দেয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির পাঁচটি মূল বিষয় হলো রফতানি সক্ষমতা বৃদ্ধি, নারী ও সামাজিক অন্তর্ভুক্তি, ডিজিটালাইজেশন, পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু সহনশীলতা এবং অর্থায়নের সুযোগ সম্প্রসারণ।

বাংলাদেশের প্রাথমিক বাজার মূল্যায়নে দেখা গেছে, ২০২৫ সালে কানাডার পাটজাত পণ্য আমদানির বাজারে বাংলাদেশের অংশ ছিল ১৮ দশমিক ৫ শতাংশ। এ ক্ষেত্রে ভারতের অংশ ৫৮ শতাংশ এবং চীনের ১১ শতাংশ। তবে পাটের তৈরি পরিশোধিত ও বহুমুখী পণ্যের বাজারে বাংলাদেশের সুযোগ এখনো সীমিত। বিশেষ করে তৈরি পাটজাত পণ্যের কানাডীয় বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ সরবরাহ করছে চীন।

মূল্যায়নে অংশ নেয়া ৫৫টি এসএমই প্রতিষ্ঠানের মধ্যে ৪০টি পাটজাত বহুমুখী পণ্য, ১৩টি হস্তশিল্প এবং দুটি ফ্যাশন সামগ্রী উৎপাদনের সঙ্গে যুক্ত। এসব প্রতিষ্ঠানের ৭৪ শতাংশ নারী মালিকানাধীন বা নারীদের নেতৃত্বাধীন।

তবে রফতানি সম্প্রসারণে বড় বাধা হিসেবে উঠে এসেছে ক্রেতা খুঁজে পাওয়া, আন্তর্জাতিক মান ও সনদ অর্জন, উৎপাদনের মান বজায় রাখা, অর্থায়ন এবং পরিবহন ব্যয়। জরিপে অংশ নেয়া ৩৬টি সম্ভাবনাময় প্রতিষ্ঠানের মধ্যে ২২টি ক্রেতা শনাক্ত ও বাজারসংযোগের অভাবকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে অভিজ্ঞ রফতা‌নিকারকদের ৯৩ শতাংশ উচ্চ পরিবহন ও পণ্য পরিবহন ব্যয়কে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে।

প্রকল্পের মূল্যায়নে সক্ষম উদ্যোক্তাদের মাধ্যমে একাধিক ছোট প্রতিষ্ঠানের পণ্য একত্র করে রফতানির একটি মডেল তৈরির প্রস্তাবও উঠে এসেছে। এতে আন্তর্জাতিক মান বজায় রাখা, প্যাকেজিং ও পরিবহন ব্যয় কমানো এবং বড় ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ বাড়তে পারে।

আপন দেশ/কেএম/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch