Apan Desh | আপন দেশ

ব্যাংকের শীর্ষ তিন পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০০, ১২ নভেম্বর ২০২৬

ব্যাংকের শীর্ষ তিন পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ

ফাইল ছবি

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং কোম্পানি সচিব পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, এসব পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত সততা ও আর্থিক অবস্থাও বিবেচনায় নিতে হবে। ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘন, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনের কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।

নির্দেশনাটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে। এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, এমডি, সিইও, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের ক্ষেত্রেও যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় এবার সিএফও, সিটিও ও কোম্পানি সচিব নিয়োগের যোগ্যতা নির্ধারণ করা হলো।

নির্দেশনায় বলা হয়েছে, ফৌজদারি অপরাধে আদালতে দণ্ডিত, কোনো নিয়ন্ত্রক সংস্থার আইন বা বিধিবিধান লঙ্ঘনের কারণে শাস্তিপ্রাপ্ত এবং অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তি এসব পদে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

এ ছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা আদালত কর্তৃক দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত ব্যক্তিও এসব পদে নিয়োগের যোগ্য হবেন না। এসব পদে নিয়োগ পাওয়া কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট কোনো ব্যবসায়িক সম্পর্কও থাকতে পারবে না।

সিএফও নিয়োগের যোগ্যতা
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে সিএফও নিয়োগের অভিজ্ঞতার মেয়াদ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি, সেসব প্রতিষ্ঠানের সিএফও পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, ঋণ বা বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার কম হলে সিএফও পদে নিয়োগের জন্য কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনায় এমবিএম অথবা ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ও চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে হবে।

সিটিও নিয়োগের যোগ্যতা
প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এ পদে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞান বিষয়ে পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

কোম্পানি সচিবের যোগ্যতা
কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিবালয় অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রির পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব পদে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করতে হবে। তবে এসব পদে নিয়োগ বা পদায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না।

আপন দেশ/কেএম
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়