Apan Desh | আপন দেশ

সাইবার সুরক্ষার নামে নাগরিকের কণ্ঠরোধ নয়, চাই অধিকার ও জবাবদিহির নিশ্চয়তা

ইজাজুল ইসলাম

প্রকাশিত: ২২:০৪, ১২ নভেম্বর ২০২৬

সাইবার সুরক্ষার নামে নাগরিকের কণ্ঠরোধ নয়, চাই অধিকার ও জবাবদিহির নিশ্চয়তা

ছবি: আপন দেশ

ডিজিটাল প্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও মতপ্রকাশের অবিচ্ছেদ্য অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম সাধারণ মানুষকে যেমন নিজের মতামত প্রকাশের সুযোগ দিয়েছে, তেমনি রাষ্ট্রীয় নীতি, দুর্নীতি, অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। একই সঙ্গে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, পরিচয় চুরি ও শিশু নিপীড়নের মতো অপরাধও উদ্বেগজনক। তাই সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর আইন অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই আইন করতে গিয়ে নাগরিকের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা যেন সংকুচিত না হয়, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

এই বাস্তবতায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর প্রস্তাবিত সংশোধনী নিয়ে নতুন করে আলোচনা প্রয়োজন। সরকারের সংশোধনী প্রস্তাবে কিছু ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি কয়েকটি নতুন উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে কোথাও শাস্তি কমানো, কোথাও শাস্তি বাড়ানো, নতুন অপরাধ যুক্ত করা এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব রয়েছে। ফলে খসড়াটি শুধু শাস্তির মাত্রা দিয়ে মূল্যায়ন করলে চলবে না; নাগরিকের অধিকার ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যের দৃষ্টিতেও পর্যালোচনা করতে হবে।

প্রথমেই ধারা ২৫-এর কথা বলা প্রয়োজন। এ ধারায় ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন, শিশু যৌন নিপীড়নসংক্রান্ত উপাদান প্রকাশ এবং সেক্সটর্শনের মতো গুরুতর অপরাধের শাস্তি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। উপধারা (২)-এ সর্বোচ্চ কারাদণ্ড দুই বছর থেকে পাঁচ বছর এবং জরিমানা ১০ লাখ থেকে ২০ লাখ টাকা করা হয়েছে। নারী বা ১৮ বছরের কম বয়সী শিশুর বিরুদ্ধে এসব অপরাধ সংঘটিত হলে উপধারা (৩)-এ সর্বোচ্চ কারাদণ্ড পাঁচ বছর থেকে ১০ বছর এবং জরিমানা ২০ লাখ থেকে ৪০ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। নিঃসন্দেহে এসব অপরাধের শিকার ব্যক্তির সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তবে শাস্তি বৃদ্ধির ক্ষেত্রে অপরাধের মাত্রা, ক্ষতির প্রকৃতি, অপরাধীর উদ্দেশ্য এবং আনুপাতিকতার নীতি বিবেচনা করতে হবে। শুধু শাস্তি বাড়ালেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়; দ্রুত তদন্ত, ভুক্তভোগীর সুরক্ষা, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ এবং কার্যকর বিচার নিশ্চিত করাও জরুরি।

অন্যদিকে ধারা ২৫ক-তে সাইবার স্পেসে মানহানিকে নতুন ফৌজদারি অপরাধ হিসেবে যুক্ত করার প্রস্তাব রয়েছে। এ অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মানহানির বিষয়টি দণ্ডবিধির ৪৯৯ ধারায় আগে থেকেই অন্তর্ভুক্ত। ফলে সাইবার আইনে নতুন করে কারাদণ্ডের বিধান যুক্ত হলে সাংবাদিক, লেখক, মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের সুযোগ বাড়তে পারে। জনস্বার্থে প্রকাশিত তথ্য, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ক্ষমতাবান ব্যক্তিদের সমালোচনা যেন মানহানির অভিযোগে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিবর্তে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

ধারা ২৫খ-তে অনলাইনে কাউকে হেয়প্রতিপন্ন করা ও বুলিংয়ের জন্য সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব রয়েছে। অনলাইন বুলিং ও ব্যক্তিগত হয়রানি অবশ্যই প্রতিরোধ করতে হবে। কিন্তু রাজনৈতিক ব্যঙ্গচিত্র, কার্টুন, মিম, প্যারোডি, সরকারের সমালোচনা কিংবা কঠোর মতামতকে হেয়প্রতিপন্ন করার অপরাধের সঙ্গে এক করে দেখার সুযোগ থাকা উচিত নয়। গঠনমূলক সমালোচনা ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিগত হয়রানির মধ্যে স্পষ্ট আইনি পার্থক্য নির্ধারণ করা জরুরি।

ধারা ২৬-এ ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশের অপরাধে সর্বোচ্চ কারাদণ্ড দুই বছর থেকে পাঁচ বছর করার প্রস্তাব রয়েছে। ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়া অবশ্যই গুরুতর অপরাধ। তবে অপরাধের ক্ষেত্রে প্রকৃত উদ্দেশ্য, সহিংসতার আশঙ্কা এবং বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। ধর্ম, জাতি বা সামাজিক বিষয়ে যুক্তিনির্ভর আলোচনা ও সমালোচনা যেন অপরাধ হিসেবে বিবেচিত না হয়।

আরও উদ্বেগজনক ধারা ২৬ক। এতে সাইবার স্পেসে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচারকে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব সমাজে আতঙ্ক, সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি করতে পারে। কিন্তু কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ হলেই সেটিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যায় না। ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য তৈরি ও প্রচার, ক্ষতি করার উদ্দেশ্য এবং বাস্তব ক্ষতির বিষয়গুলো সুনির্দিষ্টভাবে প্রমাণের বাধ্যবাধকতা থাকতে হবে। অন্যথায় সরকারের সমালোচনা, সংবাদ প্রকাশ কিংবা জনস্বার্থে তথ্য প্রচারের ক্ষেত্রেও আইনের অপব্যবহারের আশঙ্কা থাকবে।

ধারা ৮-এ অনলাইন কনটেন্ট অপসারণ ও ব্লক করার ক্ষমতা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। প্রস্তাবিত সংশোধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকার অনুমোদিত অন্যান্য সংস্থাকে কনটেন্ট অপসারণের উদ্যোগ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্লক করা কনটেন্টের তথ্য জনসম্মুখে প্রকাশ এবং তিন দিনের মধ্যে ট্রাইব্যুনালের অনুমোদন নেওয়ার বিদ্যমান ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি এজেন্সির কাছে আবেদন করলে ১৫ দিনের মধ্যে শুনানির মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রাখা হলেও স্বাধীন বিচারিক তদারকির নিশ্চয়তা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো সংবাদ বা জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য ১৫ দিন আটকে থাকলে পরে তা পুনর্বহাল করলেও তার প্রাসঙ্গিকতা হারিয়ে যেতে পারে। তাই কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে আদালতের কার্যকর তদারকি, লিখিত কারণ প্রকাশ, স্বচ্ছতা এবং দ্রুত আপিলের অধিকার নিশ্চিত করতে হবে।

ধারা ২৯-এ প্রতিষ্ঠানের অপরাধের ক্ষেত্রে নিবন্ধন, লাইসেন্স বা কার্যক্রম স্থগিত, বাতিল কিংবা নিষিদ্ধ করার ক্ষমতা রাখার প্রস্তাব রয়েছে। এখানে ‘কোম্পানি’র সংজ্ঞার আওতায় সমিতি, সংঘ, ট্রাস্ট ও অন্যান্য আইনগত প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত হতে পারে। ফলে কোনো ব্যক্তির অপরাধের কারণে সংবাদমাধ্যম, মানবাধিকার সংগঠন কিংবা নাগরিক প্রতিষ্ঠানের কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে। একজন ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো ন্যায়সংগত নয়। এ ক্ষেত্রে প্রত্যক্ষ দায়, যথাযথ বিচারিক প্রক্রিয়া ও অপরাধের গুরুত্বের সঙ্গে ব্যবস্থার সামঞ্জস্য নিশ্চিত করতে হবে।

ধারা ৪৬-এর প্রস্তাবিত পরিবর্তনও বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। নতুন ২৫, ২৫খ, ২৬ ও ২৬ক ধারাসহ কয়েকটি অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব রয়েছে। এর ফলে মতপ্রকাশ-সম্পর্কিত অভিযোগেও গ্রেপ্তার ও জামিনের ক্ষেত্রে নাগরিককে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। অভিযোগ প্রমাণের আগেই গ্রেপ্তার ও দীর্ঘ আইনি প্রক্রিয়া অনেক সময় একজন ব্যক্তির সামাজিক ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত করে। তাই মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে জামিনযোগ্যতা এবং নির্বিচার গ্রেপ্তার প্রতিরোধের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য ধারা ৪৬ক-তে ট্রাইব্যুনালের পূর্বানুমতি নিয়ে গ্রেপ্তারের যে সুরক্ষা প্রস্তাব করা হয়েছে, তা সাধারণ নাগরিক, অনলাইন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও জনস্বার্থে তথ্য প্রকাশকারীদের ক্ষেত্রেও সম্প্রসারণ করা প্রয়োজন।

তবে প্রস্তাবিত সংশোধনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জবাবদিহির প্রশ্নটি এসেছে নতুন ধারা ৫২-তে। এ ধারায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান, সদস্য এবং আইনের অধীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরল বিশ্বাসে সম্পাদিত কাজের জন্য দেওয়ানি ও ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষের সিদ্ধান্তে যদি নিরপরাধ ব্যক্তি বেআইনিভাবে আটক হন, হয়রানির শিকার হন কিংবা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তিনি প্রতিকার পাবেন কীভাবে? খসড়ায় কর্তৃপক্ষের দায়মুক্তির বিধান থাকলেও ক্ষতিগ্রস্ত নিরপরাধ ব্যক্তির ক্ষতিপূরণ ও কার্যকর প্রতিকারের সুস্পষ্ট ব্যবস্থা দেখা যাচ্ছে না। রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে জবাবদিহিও থাকতে হবে। সরল বিশ্বাসের নামে যেন দায়িত্বহীনতা বা ক্ষমতার অপব্যবহার দায়মুক্তির সুযোগ না পায়, তা নিশ্চিত করা জরুরি।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তি—আইসিসিপিআর-এর ১৯ অনুচ্ছেদে এই অধিকার স্বীকৃত। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী, রাষ্ট্র কোনো মৌলিক অধিকার সীমিত করতে চাইলে তার বৈধ উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও আনুপাতিকতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ অপরাধের তুলনায় রাষ্ট্রের গৃহীত ব্যবস্থা যেন অযৌক্তিক বা অতিরিক্ত কঠোর না হয়।

সাইবার নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা পরস্পরের প্রতিপক্ষ নয়। বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উভয়ের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। তাই সরকারের প্রতি আহ্বান, সংশোধনী চূড়ান্ত করার আগে মানবাধিকার সংগঠন, সাংবাদিক, আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও নাগরিক সমাজের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। বিশেষ করে অস্পষ্ট অপরাধের সংজ্ঞা, অজামিনযোগ্য বিধান, এবং কনটেন্ট ব্লক করার নির্বাহী ক্ষমতার বিষয় পুনর্বিবেচনা করুন। একই সঙ্গে বেআইনি আটক ও ক্ষমতার অপব্যবহারের শিকার নিরপরাধ নাগরিকের ক্ষতিপূরণ ও প্রতিকারের বিধান যুক্ত করুন।

রাষ্ট্রের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, কিন্তু নাগরিকের অধিকারও সমান গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি ভিন্নমত সহ্য করার সক্ষমতা, সমালোচনার প্রতি সহনশীলতা এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার মধ্যে নিহিত। সাইবার নিরাপত্তা আইন এমন হতে হবে, যেখানে অপরাধী আইনের আওতায় আসবেন, কিন্তু সমালোচক অপরাধী হিসেবে চিহ্নিত হবেন না। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক, নাগরিকের কণ্ঠ, স্বাধীনতা ও মানবাধিকার অক্ষুণ্ণ থাকুক।

লেখক: নির্বাহী পরিচালক, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়