Apan Desh | আপন দেশ

শীতের সবজি আসছে, কমছে দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৩, ৩০ অক্টোবর ২০২৬

শীতের সবজি আসছে, কমছে দাম

ছবি: আপন দেশ

রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে টমেটো, কাঁচা মরিচ, ধনেপাতা ও শিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মাছের বাজারে শুক্রবারের বাড়তি চাহিদার প্রভাব পড়েছে দামে।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শান্তিবাগ, মালিবাগ, শহীদবাগ, খিলগাঁওসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে এই টমেটোর দাম ছিল ১৪০ টাকা। কাঁচা মরিচের দামও কমেছে। এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। গত সপ্তাহে দাম ছিল ১২০ টাকা। এ ছাড়া ধনেপাতা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এর দাম ছিল ১৪০ টাকা।

বাজারে এখন শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ১২০ টাকা। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকা। শসা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর মুখি ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঢ্যাঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ২০ থেকে ২৫ টাকা এবং চিচিঙ্গা ও ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা। প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম ১৪০ টাকা, সাদা ব্রয়লার ডিম ১৩০ টাকা এবং হাঁসের ডিম ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন<<>>শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ 

অন্যদিকে মাছের বাজারে দামের ক্ষেত্রে তেমন স্বস্তি নেই। বিক্রেতারা বলছেন, সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবার মাছের চাহিদা বেশি থাকে। এ কারণে দামও কিছুটা বাড়ে। 

শান্তিবাগের মাছ বিক্রেতা আবদুর রহমান বলেন, শুক্রবার এলেই মাছের দাম বাড়ে। ছুটির দিন হওয়ায় অনেকে এদিন বাজার করেন। ফলে মাছের চাহিদা ও বাজারে ক্রেতাদের চাপ বেড়ে যায়। এর প্রভাব পড়ে দামে।

বাজারে মাঝারি আকারের পাঙ্গাশ, কৈ ও মৃগেল মাছ প্রতি কেজি ২২০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ টাকা, টেংরা ৬০০ টাকা, পাবদা ৩২০ থেকে ৩৫০ টাকা, মাঝারি আকারের রুই ৩৫০ থেকে ৩৮০ টাকা এবং কাতল ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ছোট আকারের গলদা চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে এক হাজার টাকা, ঝাটকা এক হাজার টাকা, পোয়া ৫০০ টাকা, বাইলা এক হাজার টাকা, শিং ৩৫০ টাকা এবং দেশি সরপুঁটি ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা এবং লেয়ার ও সোনালি মুরগি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আপন দেশ/কেএম/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়