ছবি: আপন দেশ
দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
তাঁকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়ে জানিয়েছে বেক্সিমকো ফার্মা। পর্ষদ পুনর্গঠনের বিষয়ে বিএসইসির সম্মতিও পাওয়া গেছে বলে জানা গেছে।
কোম্পানির চিঠিতে বলা হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো ফার্মা যে প্রতিকূলতার মধ্যে পড়েছে, তা বিবেচনায় নিয়ে সালমান এফ রহমান পর্ষদ থেকে পদত্যাগে রাজি হয়েছেন।
তাঁর কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেটি বিবেচনায় নিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
নতুন পর্ষদে থাকবেন ৯ পরিচালক : সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে। প্রস্তাবিত পর্ষদে কোম্পানির উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক থাকবেন। সব মিলিয়ে নতুন পর্ষদে পরিচালক থাকবেন নয়জন।
বেক্সিমকো ফার্মা একই সঙ্গে দেশের শেয়ারবাজার এবং লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) তালিকাভুক্ত। ফলে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে লন্ডন স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট নিয়মও অনুসরণ করতে হবে কোম্পানিটিকে।
‘সাত মাসে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে’
কোম্পানির পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়েছে, নতুন পরিচালক নিয়োগের আগে লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী তাঁদের যথাযথ যাচাই-বাছাই করতে হবে। এ প্রক্রিয়া শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতির প্রভাব থেকে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, বেক্সিমকো ফার্মার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি–মার্চ প্রান্তিক শেষে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে গত বছরের জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটি ৬৯৪ কোটি টাকা মুনাফা করেছিল।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারের ৩০ শতাংশ রয়েছে উদ্যোক্তাদের হাতে। এ উদ্যোক্তাদের মধ্যে সালমান এফ রহমান একজন। কোম্পানিটির বাকি ৭০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
আপনদেশ/কেএম/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































