Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অনেক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অনেক

ছবি: আপন দেশ

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ফোরামের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটের অভিযোগে আলোচিত এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে ফোরাম এ বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ। ছবি: আপন দেশ

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি ঘিরে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। এ সময় তাদের ধাওয়া-পাল্টাধাওয়া করতেও দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের দাবি, কর্মসূচি শুরুর পর আগে থেকে অবস্থান নেয়া অবৈধ নিয়োগে চাকরিচ্যুত সাবেক কর্মীরা ও এস আলমের অনুসারীরা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালান। এতে তাদের অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে রক্তাক্ত হওয়া আন্দোলনকারীকে সেবা দিচ্ছে চিকিৎসক। ছবি: আপন দেশ

নুর নবী মানিকের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই গ্রাহক ফোরামের সদস্যদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। তিনি হামলার ছবি ও ভিডিও ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এর প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

এ বিষয়ে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়