Apan Desh | আপন দেশ

ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি  

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৭, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:১১, ২৪ আগস্ট ২০২৬

ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি  

ছবি : আপন দেশ

নতুন সরকারের প্রথম ছয় মাসে দেশের অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি এবং এর বড় অংশই কাঠামোগত, এমন মূল্যায়ন করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 

প্রতিষ্ঠানটি বলছে, অর্থনৈতিক স্থিতিশীলতার সূচক এখনো ভঙ্গুর। ফলে সরকারের নির্ধারিত সময়সীমার চেয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে বেশি সময় লাগতে পারে।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার ধানমন্ডিতে সিপিডির মিডিয়া সংলাপে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক উপস্থাপনায় এ মূল্যায়ন তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

গবেষণায় সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানসহ গবেষকরা যুক্ত ছিলেন।

ইতিবাচক উদ্যোগও আছে 

তবে সরকারের প্রথম ছয় মাসের সব কার্যক্রমকে নেতিবাচক হিসেবে দেখেনি সিপিডি। দলীয় সংসদ সদস্যদের সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি না নেয়ার সিদ্ধান্ত, বিভিন্ন ক্ষেত্রে ব্যয়সংকোচন, নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তি, বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার, ডিজিটাল আদালত ব্যবস্থা এবং এআইভিত্তিক ট্রাফিক আইন প্রয়োগকে ইতিবাচক উদ্যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া আয়করমুক্ত সীমা বাড়ানো, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ সম্প্রসারণ, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করা, ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োগ, নারী পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’, কৃষিঋণের ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ এবং চিকিৎসাসামগ্রীর ওপর কিছু কর ও ভ্যাট কমানোর মতো পদক্ষেপও স্বস্তির জায়গা হিসেবে উঠে এসেছে।

সিপিডি জানায়, সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়নে মোট ৩৬২টি পর্যবেক্ষণ পর্যালোচনা করা হয়েছে। শুধু বাস্তবায়িত কার্যক্রম বিবেচনায় নেয়া হয়েছে; ঘোষণা, প্রতিশ্রুতি বা পরিকল্পনা বাস্তবায়নের পর্যায়ে না এলে সেগুলো মূল্যায়নে ধরা হয়নি। 

পর্যবেক্ষণগুলো নয়টি খাতে ভাগ করা হয়েছে। এগু‌লো হ‌লো, 

১. সুশাসন, বিচার ও জনপ্রশাসন: ১০৫টি

২. সরকারি আর্থিক ব্যবস্থাপনা (PFM): ২৫টি

৩. শিল্প ও বাণিজ্য: ৪৫টি

৪. ব্যাংকিং ও আর্থিক খাত: ১৫টি

৫. জ্বালানি ও পরিবহন: ৫২টি

৬. কৃষি ও গ্রামীণ অকৃষি কার্যক্রম: ২২টি

৭. শিক্ষা: ৪৯টি

৮. স্বাস্থ্য: ২৬টি

৯. সামাজিক সুরক্ষা: ২২টি

আপন‌ দেশ/মিম/এনএম

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়