ফাইল ছবি
তারল্য সংকট কাটিয়ে ওঠতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার ‘বিশেষ সহায়তা’ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে সৃষ্ট অস্থিরতা এবং গ্রাহকদের আমানত তুলে নেয়ার চাপে এ জরুরি সহায়তা দেয়া হয়েছে। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ টাকা ছাড় করা হয়।
মূলত, ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে ব্যাংকটিতে বিপুল সংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নেন। ফলে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহককে চাহিদা অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সিআরআরও রাখতে পারেনি।
আরও পড়ুন<<>>দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত
এ অবস্থায় গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকটি। এরপ্রেক্ষিতে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেয়া হলো।
শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে এবং আমানতকারীদের টাকা তুলতে কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ সহায়তার ফলে ইসলামী ব্যাংকের চলমান সংকট দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































