ছবি : আপন দেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। এমনটিই জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। তবে ব্রিকসে যোগদানের বিষয়ে সরকারের সুস্পষ্ট নীতি এখনো প্রকাশ্যে জানানো হয়নি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ব্রিকস সম্মেলন শেষ হয়ে গেছে। ব্রিকসের ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো খোলাখুলিভাবে তাদের পলিসি জানায়নি। আগের সরকার থেকেই ব্রিকসে যোগদানের চিন্তাভাবনা ছিল। কিন্তু এখন পর্যন্ত অপর পক্ষ থেকে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনাকে বদলি
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, অতীত সরকারের প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে। সেখানে বসে রাজনীতি করার সুযোগ দিয়েছে। যা বাংলাদেশের কাছে প্রতিবেশীসুলভ আচরণ বলে মনে হয়নি। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক প্রয়োজন।
স্পিকার বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে সেটি হতে হবে সমমর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে। দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা উচিত। বাংলাদেশ সে ধরনের সম্পর্কই চায়।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চলছে। বাংলাদেশ আশা করে, আগামী দিনে ভারত ও বাংলাদেশের মধ্যে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক আরও উন্নত হবে। বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































