Apan Desh | আপন দেশ

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি: ছাত্রদলের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি: ছাত্রদলের প্রতিবাদ

ছবি : আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে ‘ইশরাত মঞ্জিল’ করার অপচেষ্টা করা হচ্ছে। ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি স্থাপন। এ ধরনের ধারাবাহিক কর্মকাণ্ড করছে শিবির-নিয়ন্ত্রিত ডাকসুর বর্তমান পরিষদ। তারা শিক্ষার্থীদের গণ-আকাঙ্ক্ষা ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে বিসর্জন দিচ্ছে। একই সঙ্গে তারা ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি প্রচ্ছন্ন অনুরাগ ও ‘পাকিস্তানপ্রেম’ প্রকাশ করছে।

ছাত্রদল জানায়, ডাকসুর বর্তমান নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করতে পারেনি। তারা ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের ন্যায়সংগত স্বার্থের তোয়াক্কা না করে তারা ডাকসুকে নিজেদের দলীয় ও আদর্শিক অ্যাজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করেছে।

আরও পড়ুন: যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা

বিবৃতিতে বলা হয়, ডাকসুর সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি সরাসরি অবমাননা। অবিলম্বে সে ছবি অপসারণ করতে হবে। পাশাপাশি ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। 

মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ঐতিহাসিক স্মারক ও চেতনাকে বিকৃত করার সব অপপ্রয়াস রুখে দেয়ারও দাবি জানায় ছাত্রদল।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দেয়ার বিষয়ে জিন্নাহর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন। তখন তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ যেভাবে গর্জে উঠেছিল। ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনা, ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়