ফাইল ছবি
একীভূত পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) থেকে ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের টাকা ফেরত দেয়া হচ্ছে।
আমানতের টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হচ্ছে। সোমবার সকালে রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে অর্থ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাকরাইল শাখার ব্যবস্থাপক রহিম খান বলেন, প্রত্যেক গ্রাহককে ফুল ও মিষ্টিমুখ করানো হয়েছে।
তিনি জানান, তাদের শাখায় ওই দিনে ১১ জন গ্রাহকের টাকা তোলার কথা ছিল, যারা গত ১ সেপ্টেম্বর আবেদন করেছিলেন। তবে তাদের মধ্যে মাত্র একজন টাকা তুলতে এসেছেন। বাকি ১০ জনকে ব্যাংক থেকেই ফোন দেয়া হয়েছে। একই সময়ে শান্তিনগরের বাসিন্দা মিথিলা নামের এক নারীকে নতুন অ্যাকাউন্ট খুলতেও দেখা গেছে।
অন্যদিকে, সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা এক্সিম ব্যাংকের পল্টন শাখায় গিয়ে গ্রাহকদের কোনো ভিড় লক্ষ করা যায়নি। শাখাটির সেকেন্ড অফিসার জয়নুল আবেদিন বলেন, আমাদের আজকের দিনে ১৭ জন গ্রাহকের আবেদন ছিল টাকা তোলার। মাত্র দুজন টাকা তুলেছেন।
তিনি জানান, যে দুজন এসেছেন তাদের পুরো টাকাই পরিশোধ করে দেয়া হয়েছে।
নয়াপল্টন শাখায় (সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংক) টাকা তুলতে এসেছিলেন শারমিন জাহান। তিনি গত ৩ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করেছিলেন। তবে সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে তার ২০ হাজার টাকা প্রয়োজন হয়।
শারমিন জাহান বলেন, আমি গত ৩ সেপ্টেম্বর টাকা উত্তোলনের জন্য আবেদন করেছি। নিয়ম অনুযায়ী আরও দুই দিন পর আমার টাকা পাওয়ার কথা। কিন্তু আমার বাচ্চা অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন ছিল। বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানালে তিনি আমাকে ২০ হাজার টাকা উত্তোলনের অনুমতি দেন। ব্যাংকে এসেই জরুরি টাকাটা পেয়ে গেছি। এজন্য ভালো লেগেছে।
আরেক গ্রাহক দিদার টাকা উত্তোলনের জন্য শাখায় এলেও তাকে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। তিনি বলেন, এর আগে কয়েকবার টাকা তুলতে এসে ফেরত যেতে হয়েছে। এবার এসেও জানতে পেরেছেন, তিনি ৩ সেপ্টেম্বর আবেদন করায় আরও দুই দিন পর টাকা তুলতে পারবেন।
দিদার বলেন, যারা ১ সেপ্টেম্বর আবেদন করেছেন, আজ মূলত তারাই টাকা পাচ্ছেন। আমার আবেদন ৩ সেপ্টেম্বরের। তাই আরও দুই দিন অপেক্ষা করতে হবে। তবে আজ অন্য গ্রাহকদের টাকা তুলতে দেখে আশ্বস্ত হয়েছে। আশা করছি নির্ধারিত সময়েই আমার টাকাও পাব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































