ছবি : আপন দেশ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে ৪ স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মৌখিক নির্দেশনায় তারা পদত্যাগ করেন বলে জানা গেছে।
তারা হলেন, মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।
তাদের মধ্যে কেউ ছিলেন সাবেক ব্যাংকার, হিসাববিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
পদত্যাগ করা এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ ব্যাংক থেকে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এরপরই তারা পদত্যাগ করেন।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে স্বতন্ত্র পরিচালক সরিয়ে নেয়ার কথা বলা হয়। সে অনুযায়ী একজন স্বতন্ত্র পরিচালক রেখে বাকিদের পদত্যাগ করতে বলা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারিতে মালিকানায় যুক্ত থাকা দুটি পক্ষ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে ওঠে। এরপর কেডিএস গ্রুপ ব্যাংকটির পরিচালনার নিয়ন্ত্রণ ফিরে পায়। অন্যদিকে আরেকটি পক্ষ তাদের শেয়ারের বিপরীতে পরিচালক পদ দাবি করে।
এরপর গত জুলাইয়ে ব্যাংকটির পুরোনো ১৪ জন শেয়ারধারীকে ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। আর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
আরও পড়ুন: অনলাইনে আর্থিক প্রতারণার ৬০ ভাগই বিকাশে, মিলছে না প্রতিকার
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তাদের মধ্য থেকে চারজন পদত্যাগ করেছেন।
আওয়ামী লীগ সরকারের সময় এস আলম ও কেডিএস গ্রুপ ব্যাংকটি পরিচালনায় যুক্ত ছিল। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ব্যাংকটির পরিচালনায় কেডিএস গ্রুপের ক্ষমতা বাড়ে। এখন স্বতন্ত্র পরিচালক সরিয়ে নেয়ায় ব্যাংকটি পরিচালনায় পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে কেডিএস গ্রুপের।
বিগত সময়ে ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। তখন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আর্থিক খাতের বিতর্কিত ব্যক্তি ব্যক্তি সাইফুল আলম বা এস আলমের ভাই আবদুস সামাদ লাবু ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপ দুটির মালিকপক্ষ চট্টগ্রামের পটিয়ার।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































