ছবি : আপন দেশ
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন-সংক্রান্ত নবগঠিত বাছাই কমিটির প্রথম সভা বুধবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা করা হয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাই ও সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির এ প্রথম বৈঠক হবে।
পাঁচ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের এ কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রাজিক আল জলিল, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান প্রফেসর ড. মোবাম্বের মোনেম।
এর আগে গত ২২ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বাছাই কমিটি গঠন করে সরকার।
‘দুর্নীতি দমন কমিশন আইন-২০২৪’-এর ধারা ৭-এর উপধারা ৪-এর বিধান অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের কমিশনারদের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন যোগ্য ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাঠানোই এ কমিটির মূল কাজ।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. নাসিমুল গনি বাছাই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবেন।
আরও পড়ুন : জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
উল্লেখ্য, গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেন। তাদের পদত্যাগের দীর্ঘ তিন মাস পর নিষ্ক্রিয় হয়ে পড়া সংস্থাটি পুনর্গঠনে এ উচ্চপর্যায়ের বাছাই কমিটি গঠন করল সরকার।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































