ছবি: আপন দেশ
গাইবান্ধা সদর উপজেলার নশরতপুরে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে স্ক্রিনিং ও সচেতনতামূলক কর্মসূচি হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। রংপুর ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জিইউকে হাসপাতালের সার্বিক সহযোগিতায় সচেতনতামূলক আলোচনা ও স্ক্রিনিং ক্যাম্পটি পরিচালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। এতে প্রধান আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনি রানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে শিক্ষক প্রতিনিধি সম্মেলন
আলোচনায় ডা. মনি রানী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, স্তনের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা, স্ব-পরীক্ষা এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নিরাময় সম্ভব। তাই সংকোচ ভুলে যেকোনো অস্বাভাবিক লক্ষণ দেখা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।
কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং জিইউকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ চার শতাধিক নারী অংশ নেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়।
আয়োজকদের মতে, স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং নারীদের সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































