Apan Desh | আপন দেশ

রাজশাহীতে মুদি দোকানদার হত্যা: গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধিনি, আপন দেশ

প্রকাশিত: ১০:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে মুদি দোকানদার হত্যা: গ্রেফতার ১

প্রতীকী ছবি

রাজশাহীর বাকির মোড়ে আবদুল বারী নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি আমির হোসেন চন্দ্রকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে আইডি বাগানপাড়া থেকে তাকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ।

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাকির মোড় এলাকায় বারীর মুদিদোকানে পাশের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক টাকা ভাঙাতে যান। বারী টাকা ভাঙতি নেই জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০-৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে।

হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রলবোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বারীসহ তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। তখন হামলাকারীরা বারীকে পেয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা চলে গেলে স্বজনরা বারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়