Apan Desh | আপন দেশ

১০ কিলোমিটার ম্যারাথন  ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১০ কিলোমিটার ম্যারাথন  ‘রান ফর সিল্ক সিটি’

ছবি: আপন দেশ

ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিশ্বমঞ্চে ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর পরিচিতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। 

সিল্ক সিটি রানার্স কমিউনিটি এ ম্যারাথনের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ম্যারাথনটি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে ভদ্রা মোড় হয়ে তালাইমারি হয়ে সাহেব বাজার হয়ে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ম্যারাথনের মেডেল বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আরও বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মো. মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল নাঈম আব্দুল্লাহ, সিল্ক সিটি রানার্স কমিউনিটি, রাজশাহীর প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম সানি। স্বাগত বক্তব্য দেন সিল্ক সিটি রানার্স কমিউনিটির উপদেষ্টা মোসা: রিক্তা পারভিন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, এটি ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন<<>>মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় সিল্ক সিটির ঐতিহ্য পুনরুদ্ধারের উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে রাজশাহী আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ সিল্ক নগরীতে পরিণত হবে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মহানগর হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

আয়োজকরা জানান, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত হলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ জন রানার এতে অংশগ্রহণ করেন। নারী, পুরুষ, শিশু, কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ও ‘সিল্ক সিটি’ পরিচিতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা, নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়