জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন সরকারপ্রধান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে জন এফ কেনেডি বিমানবন্দরের টার্মিনালের বাইরে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রবাসী নেতাকর্মীরা সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
আরও পড়ুন<<>>ওয়াল স্ট্রিটকে বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
৩৫ সদস্যের প্রতিনিধি দলে আছেন সরকারপ্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অংশ নেয়া সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেয়া প্রাতভোজে অংশ নেন তারা।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও রোহিঙ্গা সংকট, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের মৃত্যু সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































