Apan Desh | আপন দেশ

সরকারি ঘোষণা ছাড়াই মালয়েশিয়ার পাসপোর্ট নিচ্ছে এজেন্সি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারি ঘোষণা ছাড়াই মালয়েশিয়ার পাসপোর্ট নিচ্ছে এজেন্সি

ছবি : সংগৃহীত

মালয়েশিয়া যাওয়ার চূড়ান্ত সরকারি কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও হাজার হাজার মালয়েশিয়াগামী যাত্রীর পাসপোর্ট আগাম জমা নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে বেশ কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। 

চরম অনিশ্চয়তা আর বিভ্রান্তির মধ্যে ফেলে প্রবাসী কর্মীদের এই জিম্মি করার ঘটনার পেছনের আসল রহস্য কী?

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে পাসপোর্ট সংগ্রহ শুরু করেছে অনেক এজেন্সি। যাদের অনেকের লাইসেন্সও নেই।

যদিও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি বা নির্দেশনা জারি না করা পর্যন্ত কোনো এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেন, মেডিকেল টেস্ট কিংবা পাসপোর্ট জমা দেয়া থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য আহবান জানানো হয়।

প্রশ্ন হলো মন্ত্রণালয়ের এ নির্দেশ উপেক্ষা করে কীভাবে এজেন্সিগুলো মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করছে?

চাঁদ ট্রাভেলসের প্রোপ্রাইটর এস এম জসিম উদ্দিন চাঁদ জানান, পাসপোর্ট জমা দেওয়ার ব্যাপারটি একটি মার্কেটিং পলিসি। কিন্তু আজকে পর্যন্ত আপনি প্রুফ করতে পারবেন না যে, আমরা যে মার্কেটিং করছি বলেই পাসপোর্ট জমা দিয়েই গেছে। ব্যাপারটা কিন্তু এমন হয়নি। 

বিগত দিনে যারা প্রচার করেছে, এটা থেকে আমি আমার পোস্টগুলো রিমুভ করে নেব। সব সিন্ডিকেট রিক্রুটিং এজেন্সি, যারা বলেন, তারাও তো প্রচার করছে এটা। আমরা সবাই প্রচার করতে পারি। সরকার যখন সুনির্দিষ্টভাবে ঘোষণা দেবে, তখন তারা ঘোষণা দেবেই। কিন্তু এটা হতে পারে যে, এর দ্বারা কেউ বিভ্রান্ত হচ্ছে কি না, এরকম একটা প্রশ্ন আসতে পারে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, রিক্রুটিং এজেন্সির বাইরে কোনো ট্রাভেল এজেন্সি পাসপোর্ট সংগ্রহ করতে পারে না। পাশাপাশি সরকারি ঘোষণার আগে কেউ পাসপোর্ট সংগ্রহ করলে সেখানে অনিয়মের আশঙ্কা রয়ে যায়।

আরও পড়ুন : ‘জোড়া ফুল’ হারিয়ে ‘ফুটবলার’ পেলেন মমতা

তবে শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান বিশ্বাস বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পাসপোর্ট সংগ্রহ করছে, মেডিকেল করাচ্ছে এবং টাকা-পয়সা নিচ্ছে। 

অনুমোদিত এজেন্সির বাইরে অন্যান্য অফিসকে পাসপোর্ট দেওয়া উচিত নয়, তাদের পাসপোর্ট নেয়াও উচিত নয়। এটা আসলে আইনগতভাবে এর কোনো ভিত্তি নেই। সরকারি ঘোষণার আগে আসলে পাসপোর্ট সংগ্রহ করা উচিত নয়। এর মাধ্যমে নানা শ্রমিক ও কর্মী নানাভাবে হয়রানির শিকার হতে পারে।

এদিকে গেল সপ্তাহে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিযানে 'ত্রিপল এ ওভারসিজ' নামে একটি রিক্রুটিং এজেন্সিকে সিলগালা ও জরিমানা করা হয়। এজেন্সির কাছে পাওয়া পাসপোর্ট জব্দ করা হয়।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়