ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরে ৪টি জুয়েলারি দোকানের প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পালকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানী ঢাকা এনায়েতগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে তার স্ত্রী উর্মি পাল এবং সহযোগী শিতল পালকেও গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রণজিতসহ ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।
আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকার। উর্মি পাল তার স্ত্রী এবং শিতল পাল তাদের সহযোগী। তিনি পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা গেছে, রণজিত লক্ষ্মীপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী। প্রায় ৩০ বছর ধরে এ বাজারে ব্যবসা করছেন তিনি। তার সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদের ভালো সম্পর্ক ছিল। বাজারের ব্যবসায়ীরা প্রায়ই এক দোকান থেকে অন্য দোকানের গহনা এনে গ্রাহকদের দেখায় এবং বিক্রিও করে থাকে।
আরও পড়ুন<<>>পানিতে তলিয়ে গেল চরের সবজি, পুঁজি হারানোর শঙ্কায় কৃষক
একইভাবে ঘটনার দিন সোমবার রণজিত সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ৪টি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা নিয়ে আসেন। কিন্তু সেগুলো আর ফেরত দেননি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত কোথাও রণজিতের খোঁজ মেলেনি। ভাড়া বাসায়ও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা নিশ্চিত হয় সপরিবারেই সে পালিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন তমা শিল্পালয়ের পলাশ কুরী বলেন, স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিতের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ করি। পুলিশ রনজিত পাল, তার স্ত্রী উমি পাল এবং শিতল পালকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে এএসপি রায়হান কাজেমী জানান, ২২ ভর্রি স্বর্ণ নিয়ে ঢাকায় এনায়েতগঞ্জ একটি বাসা ভাড়া করে তারা থাকে। ডিবি পুলিশসহ আমরা তাদের ৩ জনকে গ্রেফতার করি। স্বর্ণগুলো উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































