ছবি: আপন দেশ
‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’—প্রিয় সহপাঠী অপ্রতিমকে হারিয়ে এমনই শোকে কাতর তার বন্ধুরা।
যে বন্ধুর সঙ্গে প্রতিদিনের হাসি-আড্ডায় মুখর থাকত শ্রেণিকক্ষ, তার আকস্মিক মৃত্যুতে এখন সেখানে নেমে এসেছে শোকের ছায়া। অপ্রতিমের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন সহপাঠীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ি বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে বন্ধুর শেষ বিদায়ে এসে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। প্রিয় বন্ধুকে আর কখনো ক্লাসে দেখতে পাবেন না-এ কথা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
অপ্রতিমের বন্ধু নাসিম বলেন, আমার বন্ধুকে আর ক্লাসে দেখবো না। এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা আর কোনো বন্ধুকে হারাতে চাই না।
আরও পড়ুন : আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি
অন্য এক বন্ধু বলেন, আমরা বৃহস্পতিবার কোরআনিক ক্লাবের সময় একসঙ্গে ছিলাম। সেখানে কোরআনিক ক্লাব করছিলাম। তখনই শেষবার তার সঙ্গে কথা হয়। আমরা ফুটবলও খেলেছিলাম। এরপর কথা বলতে বলতে বাসায় এসেছিলাম।
আরেক বন্ধু শেষবারের কথোপকথনের স্মৃতি মনে করে বলেন, আমি শেষবার ফুচকা খেতে যেতে চেয়েছিলাম। সে বলেছিল, না, আমি ফুচকা খাব না। টাকা নেই। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা।
অপ্রতিমের আরেক বন্ধু বলেন, শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল। নামাজ পড়ার পর বলেছিল, সে বাড়িতে যাবে। এরপর বাড়িতে চলে যায়। কে জানত, সেটাই শেষ দেখা।
বন্ধুর মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে তারা বলে, একজন বন্ধু হারিয়ে গেলে শুধু একটি পরিবার নয়, তার পুরো বন্ধুমহল, স্কুল-সবাই একজনকে হারায়। আজ ওর সঙ্গে এমন হয়েছে, কাল আমার সঙ্গেও হতে পারে। আমাদের কারও সঙ্গেই যেন এমন না হয়।
তারা আরও বলেছে, এ ধরনের ঘটনার বিচার না হলে, অপরাধীরা শাস্তি না পেলে বারবার এমন ঘটনা ঘটবে। আমরা চাই, অপ্রতিমের সঙ্গে যা হয়েছে তার সুষ্ঠু বিচার হোক। আর কোনো মায়ের সন্তান যেন এভাবে হারিয়ে না যায়।
দাফন শেষে অপ্রতিমের বন্ধুরা দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানান। তাদের কণ্ঠে ছিল প্রিয় বন্ধুকে হারানোর শোক, পাশাপাশি এমন ঘটনা যেন আর কারও জীবনে না ঘটে-সে আকুতি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































