কোলাজ। ছবি : আপন দেশ
কুমিল্লায় নিখোঁজের ২১ ঘণ্টা পর অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকা থেকে অপ্রতিমের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় আব্দুল কাদের জিলানী কাজ করতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের এক প্রতিবেশীর দাবি, মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর থেকেই অপ্রতিম নিখোঁজ ছিল। ফোনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। তার সন্ধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।
আরও পড়ুন <<>> কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার গতিবিধি অনুসরণ করা হয়। পরে লালমাইয়ের সানন্দা এলাকায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়।
প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































