ছবি : আপন দেশ
রাজীব নামের একটি পরিবহনের ২ বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুরে দুটি বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
জানা গেছে, গত ৩১ আগস্ট রাত ৭টার দিকে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশার ওপর উল্টে পড়লে চারজন নিহত হন।
এ দুর্ঘটনার প্রতিবাদে এবং রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় স্থানীয় লোকজন মানববন্ধন করে।
পরে সেখানে রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই বাস মালিক সমিতির পক্ষ থেকে মামলা করা হয়।
বাস শ্রমিকদের অভিযোগ, বাস ভাঙচুরের পাশাপাশি চালকদের মারধর করা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, চালকদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। এ কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































