প্রতীকী ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে সরিয়ে নেয়ার চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সহযোগী ইয়াছিন সেন্টু (৪৫)।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি হাজী আবুল কাশেম নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি হকার্স মার্কেটের কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে রাত পৌনে ১২টার দিকে সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে কার্যালয় থেকে বের হন।
একপর্যায়ে তারা হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেন্টু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে গুলিটি তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। এ ঘটনায় আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে বলে জানা গেছে।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত সেন্টুকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
তথ্যটি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
আরও পড়ুন : সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা হাজী আবুল কাশেমকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী ইয়াছিন সেন্টুর বুকে লাগে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































