ছবি: আপন দেশ
রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার স্বর্ণপট্টিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা, এ দোকানে প্রায় আড়াই থেকে তিনশো ভরি স্বর্ণালঙ্কার ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) সকালে দোকান খোলার সময় প্রথম ঘটনাটি ধরা পড়ে। পরে দেখা যায়, আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে।
পুলিশের ধারণা, প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢোকে চক্রটি। পরে সেখান থেকে দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে এবং সিন্ধুক ভেঙে স্বর্ণালংকার লুট করে নেয়। বের হওয়ার সময় তারা আবার আফিয়া জুয়েলার্সে তালা লাগিয়ে যায়।
আরও পড়ুন<<>>আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি
কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার সকালে দোকান খুলতে এসে ভেতরের এলোমেলো অবস্থা দেখে ডাকাতির বিষয়টি নিশ্চিত হন। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের সব দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়।
ব্যবসায়ীদের ধারণা, এটি পরিকল্পিত একটি সংঘবদ্ধ ডাকাতি। দোকানের বিন্যাস ও ভেতরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই চক্রটি জানত বলেই মনে করা হচ্ছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বোয়ালিয়া থানা ওসি রবিউল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি সংঘবদ্ধ চক্রের কাজ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার পর স্বর্ণপট্টি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। ঘটনার প্রতিবাদে দুপুরে জুয়েলার্স সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। ২৪ ঘন্টার মধ্যে লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার না হলে দোকান বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































