ছবি: আপন দেশ
অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলো জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখায় আটকা পড়া সেই বৃদ্ধকে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখে স্বজনরা তাকে শনাক্ত করে। ঘটনা জানার পর সীমান্ত থেকে বৃদ্ধাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের সামনে শূন্যরেখা থেকে বিজিবি তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। প্রায় দুই মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ করছিলেন।
বুধবার (১০ জুন) গণমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন। পরে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ নিয়ে থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেন। পরিচয় যাচাই-বাছাইয়ের পর বিকেল সাড়ে ৪টার দিকে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
আরও পড়ুন<<>>শূন্যরেখা থেকে থানা হেফাজতে নেয়া সেই বৃদ্ধের পরিচয় মিলল
বিজিবি সূত্র জানা গেছে, বুধবার ভোরে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে ওই বৃদ্ধকে দেখা যায়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন ও বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিলেন। পরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন। পরদিন সকালে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধের স্বজনরা জাতীয় পরিচয়পত্রসহ থানায় আসেন। যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তিনি কীভাবে সীমান্ত এলাকায় এসেছিলেন, সে বিষয়ে তার পরিবারের সদস্যরাও কিছু বলতে পারেননি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































