ছবি: আপন দেশ
রাস্তা নিয়ে যশোর-৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি গোলাম রসুল ও তার মেয়ে মাদ্রাসায় ঢুকে বিরোধে জড়ান। এরপর এলাকাবাসী তাদের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিলের ডাকা দিয়েছে জামায়াতী ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এরপর অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় শত শত মানুষ। সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভকে কেন্দ্র করে একপর্যায়ে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা।
এতে সড়কটিতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও এমপি ও তার পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় আছেন। এমপি গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানান এবং পাশাপাশি ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদ আছে। ওই মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের বিরোধ চলছিল। এমপির মেয়ে অনন্যা সোমবার (২৭ জুলাই) মাদ্রাসার কয়েক শিক্ষার্থীকে ভয়–ভীতি দেখান।
বিক্ষুব্ধরা জানান, সোমবার সকালে এমপির মেয়ে অনন্যার বিরুদ্ধে আয়ান নামের এক শিশু শিক্ষার্থী ও রেক্সনা নামে এক নারীর ওপর হামলার ঘটনা ঘটে।
এতে ওই নারীর মাথা ফেটে যায়। এছাড়া নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপরও চড়াও হন এমপিকন্যা। এসময় তার বাইসাইকেল ফেলে দেন।
ঘটনার পর সোমবার রাতে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে একটি মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে অনন্যা পুনরায় সেখানে গিয়ে মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দেন।
আরও পড়ুন<<>>তিন মাসে গ্রেফতার প্রায় দেড় লাখ
এতে স্থানীয়রা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সকাল ১০টার দিকে এমপির বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে এমপির এক স্বজন ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ জনতার একাংশ তার ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে।
এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তার মেয়ের শাস্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
আহত রেক্সনার ননদ অন্তু অভিযোগ করেন,এমপি সাহেবের মেয়ের কারণে-অকারণে মাদ্রাসায় গিয়ে ঝামেলা করেন। তিনি মাদ্রাসাটি উঠিয়ে দেয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছেন।
এ বিষয়ে জানতে চাইলে যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভীনা জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
তিনি দাবি করেন, মাদ্রাসা বন্ধ থাকলেও শিশুরা বিভিন্ন সময় এখানে এসে গোলযোগ সৃষ্টি করে। আমার মেয়ে শুধু এর প্রতিবাদ করেছিল। এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে শত্রুতা তৈরি করা হয়েছে। এখন অহেতুক আমাদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, বিক্ষুব্ধ জনগণকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করা হবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ও র্যাব যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্সসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটিতে কড়া নজরদারিতে রেখেছে।
এ ঘটনার পর যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফরের সভাপতিত্বে শহরের বারান্দিপাড়া এলাকার দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, সন্ধ্যায় জেলা জামায়াতের আমীর গোলাম রসুলের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করা হবে।
এ সম্পর্কে জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি পক্ষের ইন্দনে আমীরের বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আমরা জরুরি বৈঠক করেছি। বৈঠক থেকে থেকে সিদ্ধান্ত হয়েছে, সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































