ছবি: আপন দেশ
পটুয়াখালীর গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব এবং এর প্রতিরোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক-এর সভাপতিত্বে সেমিনার হয়।
সেমিনারে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। তারা অনলাইন জুয়ার ভয়াবহতা, যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য দেন গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম, সাংবাদিক সাকিব হাসান (চ্যানেল ৭১), সাংবাদিক হারুন অর রশিদ (দৈনিক নয়া দিগন্ত), সাংবাদিক খালিদ হোসেন মিল্টন (তৃতীয় মাত্রা), কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাওহীদ ইসলাম, কোর্ট জামে মসজিদের ইমাম দলিল উদ্দিন, গলাচিপা প্রেসক্লাবের সদস্য দৈনিক জনতার গলাচিপা প্রতিনিধ মো. রাকিবুল হাসান, অ্যাডভোকেট মো. খবির উদ্দিন প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির আর্থিক ক্ষতির কারণ নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান তারা।
সেমিনারের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক তার বক্তব্যে বলেন, নিজেকে জানতে হবে। আগে খুঁজে দেখুন আপনার ভিতরেই হয়তো জুয়াড়ি বাস করে। হয়তো ধর্ষক বাস করে, হয়তো লুটেরা বাস করে কিন্তু এদেরকে প্রতিহত করে ইসলামের পথে- ধর্মের পথে চলেন, দেখবেন আপনি ভালো মানুষ হিসেবে নিজেকে চিনবেন।
আরও পড়ুন<<>>এমপির আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত
তিনি আরও বলেন, এ সেমিনার কক্ষে যারা আছেন আমরা আগে এখান থেকেই শুরু করি। আমরা ঠিক হই তারপর পরিবার, সমাজ, রাষ্ট্র এভাবে একদিন পরিবর্তন আসবে। তিনি মাদক ও জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স হিসেবে নিজের অবস্থান পরিষ্কার ঘোষণা করেছেন।
তিনি অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীরা অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































