Apan Desh | আপন দেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৯, ২৯ মে ২০২৬

আপডেট: ১৬:৩১, ২৯ মে ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

মাহাদি। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মাহাদি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা সৌদি প্রবাসী মোহাম্মদ দুলাল। মাহাদি নিষিদ্ধ ছাত্রলীগের চর মার্টিন ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৯ মে) সকালে মাহাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে মাহাদি মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) ভোরে তিনি ফুড ডেলিভারির কাজে বের হন।  তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশ তাদের জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদির মৃত্যু হয়েছে। তার মরদেহ সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদি প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যান। তার বাবা মোহাম্মদ দুলালও সেখানে অবস্থান করছেন। বাড়িতে মাহাদির মা ও বোন রয়েছেন।  তবে পরিবারের সদস্যদের এখনো মৃত্যুর খবর জানানো হয়নি। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

নিহতের মামা আলমগীর সারোয়ার জানান, মাহাদি আগে সৌদি আরবে ব্যবসা করতেন। পরে দেশে ফিরে বিয়ে করেন। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।  বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলেও জানান তিনি।

আপন দেশ /এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়