Apan Desh | আপন দেশ

খাস পুকুর দখল নিয়ে বিএনপির দুই কর্মী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ২ মার্চ ২০২৬

খাস পুকুর দখল নিয়ে বিএনপির দুই কর্মী নিহত

ছবি: আপন দেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন।

সোমবার (০২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের প্রায় ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল।

আছমত আলী গত ১৫-১৬ বছর ধরে স্থানীয় মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটিতে মাছ চাষ করছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য নতুন করে পুকুরটির লিজ নেন এবং সেখানে মাছ চাষ শুরু করেন।

সোমবার সকালে আবু বক্কার সিদ্দিকের লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর সমর্থকরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষ হাসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে হামলায় জড়িয়ে পড়ে। এতে আওয়ামী লীগ সমর্থিত চারজন এবং বিএনপি সমর্থিত সাতজন গুরুতর আহত হন।

আরও পড়ুন <<>> গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আ. লীগ নেতা

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আব্দুস সালামের মৃত্যু হয়।

ওসি আরও জানান, একই পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালেও ফজলার রহমান নামে একজন নিহত হয়েছিলেন। ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগ সমর্থিতরা পুকুরটি দখলে রেখে চাষাবাদ করছিল। নতুন লিজ নেয়ার পরও আবু বক্কার সিদ্দিককে মাছ ধরতে বাধা দেয়া হয়। সোমবার মাছ ধরতে গেলে হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, পুকুর নিয়ে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়