প্রতীকী। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নাতির বঁটির আঘাতে নানি বেদেনা সুন্দরির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ অভিযুক্ত নাতি নয়ন চন্দ্র কোচকে (১৭) গ্রেফতার করে। এ ঘটনায় সখীপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের স্বামী পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে নাতিকে আসামি করেন।
নয়ন বেদেনা সুন্দরির মেয়ে জল্পনা কোচ ও শ্যামল কোচের ছেলে। তারা গাজীপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে নয়ন নানির বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৮টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি দিয়ে নানিকে কোপায়। ঘটনাস্থলেই বেদেনা সুন্দরির মৃত্যু হয়।
আরও পড়ুন <<>> সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ৩
পুলিশকে নয়ন জানায়, অন্য নাতিদের তুলনায় তাকে কম আদর-স্নেহ ও অর্থ না দেয়ার ক্ষোভ থেকে সে এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই নয়ন মাঝেমধ্যে নানির বাড়িতে থাকত। এলাকাবাসীর ধারণা, সে নেশাগ্রস্ত ছিল। নেশার টাকার জন্যই এমন ঘটনা ঘটতে পারে।
সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িত নয়ন চন্দ্র কোচকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































