ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, আপন দেশ
আমাদের এখন প্রধান কাজ হচ্ছে দেশ পুনর্র্নিমাণ ও রাষ্ট্র কাঠামো মেরামত করা। নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পঞ্চগড়-১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর প্রথমবার নিজ এলাকায় এসে তিনি তার রাজনৈতিক দর্শন ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
নওশাদ জমির বলেন, আমরা চাই না বাংলাদেশ আবার আগের মতো অবস্থায় ফিরে যাক। আমরা চাই না আমাদের সন্তানদের নামে মিথ্যা মামলা হোক, কিংবা তারা দিনের পর দিন রাতে পালিয়ে বেড়াক। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আগামী পাঁচ বছর বাংলাদেশের মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে এবং রাজনৈতিক কারণে কোনো হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
আরও পড়ুন<<>>নির্বাচিত হয়ে ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে দিলেন এমপি
যারা তাকে ভোট দেননি, তাঁদের প্রতিও দায়বদ্ধতার কথা স্মরণ করে নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, নির্বাচন এমন একটি ব্যবস্থা যেখানে একদল বিজয়ী হয় এবং অন্যদল পরাজিত হয়। কিন্তু যিনি নির্বাচিত হন, তার দায়িত্ব সবচেয়ে বেশি। যারা আপনাকে ভোট দেননি, তারাও এ দেশেরই মানুষ। তাদের প্রতিও সরকারের সমান দায়িত্ব থাকতে হবে। আমরা এমনভাবে দেশ চালাব যেন মানুষ বলে-বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষ শান্তিতে থাকে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হতে পারে, কিন্তু ইচ্ছেকৃত ভুল মেনে নেয়া হবে না। কেউ জমিজমা সংক্রান্ত বিচারে যাবেন না। আমাদের কানে চাঁদাবাজির মতো কিছু অভিযোগ এসেছে। এটি কোনোভাবেই করা যাবে না। কেউ এমন অপকর্মে লিপ্ত হলে বিএনপি তার দায় নেবে না।
স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তেঁতুলিয়াকে একটি পৌরসভা করা হবে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনের পর দ্রুততম সময়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে। এছাড়া পঞ্চগড়ের পর্যটন শিল্পের বিকাশ ও নানামুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।
শুভেচ্ছা বিনিময় সভায় তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুলসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে এলাকায় পেয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































