Apan Desh | আপন দেশ

নির্বাচিত হয়ে ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে দিলেন এমপি

চাঁদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচিত হয়ে ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে দিলেন এমপি

ছবি: আপন দেশ

চাঁদপুর-৩ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। নির্বাচিত হয়েই অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় বিশৃঙ্খলা ও ভীতিকর পরিবেশ তৈরির অভিযোগ ওঠে। সে নিজ দলের ছাত্রদলের পাঁচ কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত হয়। এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এমপির নির্দেশে অভিযুক্তদের থানায় সোপর্দ করা হয়।

সংসদ সদস্য মানিক সময় সংবাদকে বলেন, চাঁদপুরে ভয়ভীতি প্রদর্শন, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব অপরাধের সঙ্গে দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ জানান তিনি। জনগণের শান্তি নিশ্চিত করতে সরকারকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন এমপি।

জানা গেছে, নির্বাচনের দিন ও পরদিন চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়। পরে এমপির নির্দেশে চাঁদপুর পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন কর্মীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন <<>> ‘তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব’

আটক পাঁচজন হলেন—ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লুৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬) এবং ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। একই এলাকা থেকে মনির (২৫) ও ফাহিম (২৮) নামের আরও দুজনকে রাতে থানায় নেয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সবাই স্থানীয় ছাত্রদলের কর্মী।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়