ছবি: আপন দেশ
টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে মন্ত্রী হিসেবে দেখতে চান সদরবাসী। জনগণের এ প্রত্যাশাকে সম্মান জানিয়ে তিনি বলেছেন, নেতা তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রীত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যখন যে জায়গায় আমাকে দায়িত্ব দেবেন, আমি সেভাবেই কাজ করব ইনশাআল্লাহ।
আরও পড়ুন<<>>ডিসি অফিস ঘেরাও করে বিএনপির বিক্ষোভ
পহেলা ফাল্গুন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ের এ বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে। আমরা সকলে মিলে টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দিতে চাই। সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, টাঙ্গাইল সদরের জনগণ যে পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এ বিজয় টাঙ্গাইলের জনগণের বিজয়। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, তা শতভাগ পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।
টুকু বলেন, সদরের ৪ লাখ ৬৫ হাজার ভোটারের প্রতিনিধি হিসেবে আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। সকলের সহাবস্থান নিশ্চিত করাই আমার অঙ্গীকার।
এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। সবাই ধৈর্য্য ও সংযম বজায় রাখবেন। কোনো উস্কানিতে পা দেবেন না। আমরা সহাবস্থান ও সহমর্মিতার পরিবেশ বজায় রেখে শান্তির টাঙ্গাইল গড়ে তুলব।
দুই ভাই একসঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে টুকু বলেন, আমার ভাই আব্দুস সালাম পিন্টু দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতন সহ্য করেছেন। নির্বাচনে তার জয়ে আমি অনেক আনন্দিত। জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে এবং তার ভোটের ব্যবধানও রেকর্ড হয়েছে।
তিনি আরও বলেন, আমাকেও বিপুল ভোটে নির্বাচিত করায় টাঙ্গাইল সদরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার নেতাকর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































