প্রতীকী ছবি
বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানান ফাহিম হোসেন (১৯) নামের ভাই। যার কারণে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ফাহিমকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত ফাহিম বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। পেশায় তিনি ঢালাই মিস্ত্রি ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ফাহিমের বড় বোনকে একই এলাকার তনয় নামে এক যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। দেড় বছর আগে পারিবারিকভাবে বোনের বিয়ে হলেও উত্ত্যক্ত বন্ধ হয়নি। ছয় মাস আগে তনয় নিহত ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করে। ওই ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ বসে। অভিযোগ রয়েছে, তখনও বখাটে তনয় ফাহিম ও তার আরেক ভাই শাহীনকে ছুরিকাঘাত করে।
আরও পড়ুন <<>> ‘দেশ পুনর্নিমাণ-রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে’
পরিবার জানায়, ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। শনিবার সকালে কাজে যাওয়ার পথে তনয় একা পেয়ে ফাহিমের বুকে ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহাফুজ আলম জানান, অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের অভিযান চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































