Apan Desh | আপন দেশ

শান্ত থাকুন, আইন হাতে তুলে নেবেন না: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শান্ত থাকুন, আইন হাতে তুলে নেবেন না: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

দেশবাসীকে ধৈর্য ধরার ও কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেয়ার কঠোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এ নির্দেশনা দেন।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা রোধে জামায়াত আমীর কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি জানান, জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোট বা স্বতন্ত্র প্রার্থীদের ওপর কোনো ধরনের হামলা হলে তা বরদাশত করা হবে না। একই সঙ্গে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

এছাড়া কোথাও কেউ হামলার শিকার হলে সেটি যেন তাৎক্ষণাৎ জানানো যায় এ জন্য কেন্দ্রীয় হটলাইন নম্বর চালুর কথাও জানিয়েছেন তিনি।

শফিকুর রহমান আরও লেখেন, হটলাইন (সরাসরি কল) 09639-111444; তথ্য জানানোর সময় অনুগ্রহ করে উল্লেখ করবেন–নাম, দায়িত্ব/পরিচয়, মোবাইল নম্বর, সংসদীয় আসন, অভিযোগের বিষয় ও ঘটনার বিস্তারিত বিবরণ।

জামায়াত আমীর বলেন, আমি সবাইকে অনুরোধ করছি–শান্ত থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রতিটি প্রমাণ সংরক্ষণ করুন। সত্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে, আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে। প্রয়োজনে দেশ-বিদেশের গণমাধ্যমের কাছেও তুলে ধরা হবে।

আমাদের ধৈর্য দুর্বলতা নয়। আমরা ন্যায়বিচার চাই–আইনের ভেতরে থেকে, রাষ্ট্রের কাঠামোর ভেতরে থেকে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন ও সত্যকে বিজয়ী করুন।

আপন দেম/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়