ছবি: আপন দেশ
নির্বাচনী আমেজ আর তিন দিনের ছুটি কাটিয়ে আবারও চিরচেনা রূপে ফিরছে ঢাকা। ভোটাধিকার প্রয়োগ শেষে জীবিকার টানে নাড়ির টান ছেড়ে নগরে ফিরছেন লাখো মানুষ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনাল ছিল লোকেলোকারণ্য। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আসা প্রতিটি বাসই ছিল যাত্রীতে ঠাসা।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাপথ মোটের ওপর স্বস্তিদায়ক ছিল। তবে ফেরিঘাটগুলোতে যানবাহনের চাপের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। মাগুরা থেকে আসা যাত্রী জাকির হোসেন জানান, যাওয়ার সময় প্রচণ্ড ভোগান্তি হয়েছিল। তবে আসার পথে তেমন কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময়ের একটু পরেই আমরা গাবতলী পৌঁছেছি।
পরিবহন শ্রমিক ও চালকরা বলছেন, ঢাকামুখী বাসের চাপ এখন তুঙ্গে। গাবতলী টার্মিনালের এক কাউন্টার ম্যানেজার জানান, প্রতিটি বাস ফুল লোড হয়ে আসছে। অগ্রিম টিকিট সব আগেই বিক্রি হয়ে গেছে। আগামী দু-তিন দিন এ ভিড় আরও বাড়বে। এর বিপরীতে ঢাকা ছাড়ার বাসের সংখ্যা ও যাত্রী—উভয়ই এখন অনেক কম।
সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনেও একই চিত্র দেখা গেছে। ভোরের আলো ফোটার আগেই লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে শুরু করে। বরিশাল, পটুয়াখালী ও ভোলা থেকে আসা যাত্রীদের চাপ ছিল প্রবল। অন্যদিকে, প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ।
মানুষের এ ফেরার মিছিলে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোও ব্যস্ত হতে শুরু করেছে। বাস টার্মিনাল সংলগ্ন এলাকাগুলোতে রিকশা ও সিএনজি অটোরিকশার তীব্র সংকট দেখা গেছে। তবে দীর্ঘ ছুটি শেষে অফিস-আদালত পুরোপুরি খুললে রোববার থেকে ঢাকা তার পূর্ণ ব্যস্ততায় ফিরে যাবে বলে ধারণা করা হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































