ছবি: আপন দেশ
বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কামারের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- কাঁঠালতলি ইউনিয়নের কালীপুর এলাকার সুলতান আকনের ছেলে ও বিএনপি নেতা টিপু (৩৬), সফিজ উদ্দিনের ছেলে ও জামায়াতের রোকন মোস্তাফিজুর রহমান (৪০), আবুল কাশেমের ছেলে ও জামায়াত কর্মী জসিম উদ্দিন (৪০) ও জামায়াত নেতা জালাল হোসেন (৬০)।
জামায়াতের আহত ব্যক্তিদের অভিযোগ, বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির ভাতিজা সোলায়মান সাদিকের নেতৃত্বে একদল লোক একই আসনের জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের কর্মীদের ওপর হামলা চালান। এতে জসিম উদ্দিন গুরুতর আহত হলে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিএনপি নেতা টিপুর পরিবারের অভিযোগ, জামায়াত-শিবিরের নেতা-কর্মী বাশার মোল্লা, নজরুল, তুষার, নোমানসহ কয়েকজন টিপুর বাড়িতে গিয়ে হামলা চালান। এতে টিপুর পা ভেঙে গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মারামারির ঘটনা ঘটছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































