অর্ধকোটি টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে জেলা জামায়াতের আমীরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর একটি গাড়ি কড়া প্রহরায় অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে পৌঁছে দেয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন<<>>অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর আটক
বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা ও বেশ কিছু নথিপত্র পাওয়া যায়।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত টাকা মেশিনে গণনা করা হচ্ছে এবং নথিপত্রগুলো যাচাই-বাছাই চলছে।
আটকের সময় ধারণকৃত একটি ভিডিওতে বেলাল উদ্দিন নিজের পরিচয় দেন। তিনি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার দবিরুল ইসলামের ছেলে এবং শালন্দা কলেজের শিক্ষক। লাগেজে থাকা অর্থের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে যা তার ব্যক্তিগত গার্মেন্টস ব্যবসার মূলধন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিপুল অর্থসহ জামায়াত নেতার আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এ বিশাল অঙ্কের অর্থ নির্বাচনে প্রভাব ফেলার জন্য আনা হয়েছিল কি না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































