ছবি: সংগৃহীত
আজ ২ মে। এ দিনে জন্ম নিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়। তার নাম শুনলেই ভেসে ওঠে পথের পাঁচালী, গুপি গাইন বাঘা বাইন ও হীরক রাজার দেশের মতো কালজয়ী চলচ্চিত্র। তবে তিনি শুধু চলচ্চিত্র নির্মাতাই নন, ছিলেন একজন শক্তিমান সাহিত্যিকও।
শিক্ষাজীবন শেষে প্রখ্যাত শিল্পী বিনোদবিহারী মুখার্জির সান্নিধ্যে তার শিল্পীজীবনের বিকাশ ঘটে। আঁকাআঁকির পাশাপাশি ১৯৪৩ সালে একটি ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থায় কর্মজীবন শুরু করেন। পরে সিগনেট প্রেসে বইয়ের প্রচ্ছদ আঁকার কাজ তার সৃজনশীলতাকে নতুন মাত্রা দেয়।
চলচ্চিত্রে আসা ছিল না তার পরিকল্পনায়। শখের বশে চিত্রনাট্য লেখা থেকেই শুরু। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রকৃত শিল্পী হলে ভালো কাজ করতেই হবে—দর্শকের কথা ভেবে সস্তা নির্মাণে তিনি বিশ্বাসী ছিলেন না।
১৯৪৮ সালে বন্ধুদের নিয়ে কলকাতায় একটি ফিল্ম ক্লাব গড়ে তোলেন তিনি। এরপর চলচ্চিত্র নিয়ে গভীর পড়াশোনা শুরু হয়। ১৯৫০ সালে লন্ডন সফরের সময় বহু সিনেমা দেখেন। ফেরার পথে জাহাজেই ‘পথের পাঁচালী’র প্রথম খসড়া লেখেন।
তবে শুরুটা ছিল কঠিন। প্রযোজকের অভাবে বহুবার প্রত্যাখ্যাত হন। শেষ পর্যন্ত ১৯৫২ সালে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ শুরু করেন। অর্থ সংকটে একসময় কাজ বন্ধও রাখতে হয়। পরে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় তিন বছর পর সম্পন্ন হয় চলচ্চিত্রটি।
‘পথের পাঁচালী’-তে তিনি সচেতনভাবে অপেশাদার অভিনয়শিল্পী বেছে নেন। চরিত্রের সঙ্গে বাস্তবতার মিল রাখতে এ সিদ্ধান্ত ছিল গুরুত্বপূর্ণ।
সাহিত্যেও তিনি সমান জনপ্রিয়। কিশোর গোয়েন্দা, বিজ্ঞান কল্পকাহিনী ও রহস্য গল্পে তার অনন্যতা আজও অটুট। প্রযুক্তির যুগে তার গল্পগুলো এখন অডিওবুক আকারেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।
আরও পড়ুন <<>> মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক
১৯২১ সালের এ দিনে কলকাতার গড়পার রোডে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৫ সালে ‘পথের পাঁচালী’ মুক্তির পর তার খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর অপরাজিত, পরশ পাথর, জলসাঘর, অপুর সংসার ও তিন কন্যার মতো চলচ্চিত্রে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেন।
১৯৯২ সালের ২৩ এপ্রিল মৃত্যুর আগে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় তিনি সম্মানসূচক অস্কার গ্রহণ করেন। তার সৃষ্টিশীলতা আজও সমানভাবে অনুপ্রেরণা জোগায় নতুন প্রজন্মকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























