ছবি : আপন দেশ
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সময় ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগান। এ স্লোগানকে কেন্দ্র করে মঞ্চ এবং সমাবেশস্থলে উপস্থিত জনতার মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। ‘দুলাভাই’ স্লোগানের প্রতি উত্তরে প্রধানমন্ত্রীও জনতার উদ্দেশে পাল্টা রসিকতা করেন।
শনিবার (০২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পূণঃখনন কাজ উদ্বোধন শেষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এ ঘটনা ঘটে।
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু করবো। আমরা শুরু করেছি। আজ এ বাসিয়া খাল পূণঃখনন কাজের উদ্বোধন করলাম।
তিনি বলেন, এ খাল খনন শেষে দুই পারে আমরা ৫০ হাজার গাছ লাগাবো। সেখানে স্থানীয়রা প্রকৃতির সান্নিধ্য পাবেন। আমরা ফলজ গাছও লাগাবো। দেশের সকল খাল পর্যায়ক্রমে খনন করা হবে। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। পরবর্তীতে এটি বন্ধ হয়ে যায়। এ খাল পুনঃখননের মাধ্যমে প্রত্যক্ষভাবে প্রায় ৮০ হাজার এবং পরোক্ষভাবে দেড় লাখ কৃষক উপকৃত হবেন। এতে প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। শুধু খাল খনন নয়, খালের দুই পাশে ফলের গাছ লাগানো হবে যাতে এলাকার মানুষ ফল খেতে পারেন।
প্রধানমন্ত্রীর বক্তৃতাকালে উপস্থিত জনতা ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগানে মুখরিত করে তোলে সমাবেশস্থল। এতে সমাবেশস্থলে বেশ হাস্যরসের সৃষ্টি হয়।
আরও পড়ুন <<>> ধলেশ্বরী-লৌহজং নদী পুনঃখননের উদ্বোধন
জনতার ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগানের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও পাল্টা রসিকতা করেন।
প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, কথা বলতে চুপ করতে হবে। আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে কথা। আর, দুলাভাইকে কথা বলতে না দিলে, দুলাভাই যাবে গিয়া, যাই আমি। যাবো?
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, হুইপ জিকে গউছ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























