ছবি: আপন দেশ
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেন আগামী দিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যেন বিশ্বমানের খেলাধুলায় অংশ নিতে পারে, সে দিকে লক্ষ রেখে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠান শুরু করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (০২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালচারের মাধ্যমে সারাদেশে অনুষ্ঠান শুরু করেছিলেন।
সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে এসেছিল। আজকে তারই জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারাদেশে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন।
এহছানুল হক মিলন বলেন, বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল, তারা মাদকাসক্ত হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
আরও পড়ুন<<>>যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: মির্জা ফখরুল
তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের জীবনযাপন উন্নত করার জন্য নতুন কুঁড়ি শুরু করেছেন প্রধানমন্ত্রী। তিনি চান আনন্দের মধ্য দিয়ে শিক্ষা।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা চাই, আমাদের ছেলে-মেয়েরা বছরজুড়ে খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে।
ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারাবিশ্বের মানচিত্রে আমাদের তুলে ধরবে, এ বিশ্বাস আমাদের রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























