Apan Desh | আপন দেশ

আ.লীগের যুগ্ম সম্পাদক হানিফের বাসায় ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ৫ আগস্ট ২০২৪

আ.লীগের যুগ্ম সম্পাদক হানিফের বাসায় ভাঙচুর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসায় হামলা চালানো হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যার একটু আগে কুষ্টিয়ার পিটিআই রোডে এ ঘটনা ঘটে। হানিফ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টম মোড় পৌঁছালে সেখান থেকে একটি অংশ পিটিআই রোডের দিকে অগ্রসর হয়। এরপরই হানিফের বাসায় হামলা চালানো হয়। হামলায় বাসার সামনে থাকা চেয়ার, টেবিল ও জানালার কাঁচ ভাঙচুর করা হয়। এতে বাড়ির দোতলা ও তৃতীয় তলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে গার্ডের রুম তছনছ করে বাইরে রাখা কিছু জিনিসপত্র ভাঙচুর করতে থাকে।

এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জহুরুল হক সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবির ও বিএনপির লোকজন পরিকল্পিতভাবে এ হামলা করে। ন্যক্কারজনক এ হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন, কিছু উচ্ছৃঙ্খল লোক এ হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) পলাশ কান্তি নাথ বলেন, আন্দোলনকারীরা মাহবুব উল আলম হানিফের বাসায় হামলা ও ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়