Apan Desh | আপন দেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সামনেই আ.লীগ নেতার হাতে নারী এমপি লাঞ্ছিত

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ১৮ আগস্ট ২০২৩

আপডেট: ০১:২১, ১৮ আগস্ট ২০২৩

ধর্ম প্রতিমন্ত্রীর সামনেই আ.লীগ নেতার হাতে নারী এমপি লাঞ্ছিত

জামালপুর: জামালপুরের ইসলামপুরে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সামনে আলোচনা সভামঞ্চে জামালপুর-শেরপুর সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করেছে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯ টায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগষ্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্য অনুষ্ঠিত আলোচনা সভা চলাকালের ঘটনা এটি। 

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, সংরক্ষিত মহিলা এমপি বক্তব্যকালে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উদ্দেশ্যে বলেন, দলীয় কর্মসুচিতে আমাকে দাওয়াত দেয়া হয়না। আমাকে কেন দাওয়া দেয়া হয় না বলতেই আওয়ামী লীগ নেতা আনোয়ার তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বিতন্ডার এক পর্যায়ে নারী এমপির গায়ে হাত তুলে ওই নেতা।

মহিলা এমপির উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, ‘তোকে দাওয়াত দিতে হবে কেন? এসময় আনোয়ার হোসেনকে নিবৃত না করে টেবিল চাপড়িয়ে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি হোসনে আরাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন। পরে মহিলা এমপি হোসনে আরা আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন।

লাঞ্ছিত হওয়ার পর সংবাদ সম্মেলন করছেন এমপি হোসনে আরা। সভামঞ্চে ধর্ম প্রতিমন্ত্রীর ডানে এমপি হোসনে আরা (ডানের ছবি)

এ বিষয়ে সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা তৎক্ষানিক রাত ১০ টায় তার ইসলামপুরের নিজ বাসভবনে জরুরী সংবাদ সন্মেলন করেন। তিনি বলেন, আমি জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেয়া হয় না। আমিতো শুধু সংসদ সদস্যই নয়; দলীয় কর্মী হিসেবে দাওয়াত পাওয়ার অধিকার রাখি।

তিনি অভিযোগ করে বলেন, দলীয় সভায় এসব কথা বলতে গেলে অকথ্যভাষায় গালি গালাজের পর আমার উপর গায়ে হাত তুলেছে উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। এর আগেও সে আমার উপর হামলা করেছিল। সে সময় ইসলামপুর থানায় মামলা দায়ের করতে গেলে থানায় মামলা নেয়নি। আজকে আমাকে দলীয় অফিসে লাঞ্চিত করার ঘটনা লিখিতভাবে জেলা আওয়ামীলীগ বরাবরে অভিযোগ দায়ের করবো- জানান এই সংসদ সদস্য। 

উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে গণমাধ্যমকে বলেন, মহিলা এমপি হোসনে আরাকে আমি অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তুলিনি। এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, তিনি ( হোসনে আরা) একজন সংসদ সদস্য। তিনি দলীয় কর্মকান্ডে সক্রিয় থাকলে দাওয়াত দিতে হবে কেন? তিনি বরাবরই আমার বিরুদ্ধে এসব অসাংগঠনিক অযৌক্তিক অভিযোগ তুলেন। আজকেও তাই ঘটেছে।

মন্ত্রী বলেন, তাকে (সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা) অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত কেউ তুলেননি। তার এসব অভিযোগ সঠিক নয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়