ছবি: আপন দেশ
দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রতিদিন সড়কে ঝরছে মূল্যবান প্রাণ। এবার যশোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ এবং মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আরও তিনজন নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত থেকে শনিবার (২৪ অক্টোবর) ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন- যশোরের মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। আহতরা হলেন-বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭)।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সিয়াম বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য দুই জন জয় ও রোহান যশোরগামী মোটরসাইকেলে ছিলেন। নতুনহাট বাজার এলাকায় তাদের দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৬ জন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন<<>>ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের নাম জানা গেছে। তার বাড়ি চুয়াডাঙ্গায়। বাকিদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতরা হলেন- হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তারা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































