ফাইল ছবি
শেয়ারবাজারে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের ‘নেগেটিভ ইক্যুইটি’ এবং ‘আনরিয়েলাইজড লস’ সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে।
একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং শেয়ারবাজারের কার্যক্রম গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির ১৩০৮তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়, গত ৩০ সেপ্টেম্বর বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা ইতোমধ্যে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।
এছাড়া ২০২৬ সালের মধ্যে নতুন করে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটির বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একই বছরের মধ্যে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে ২০২৬ সালে নতুন করে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি নির্ধারিত প্রভিশন সংরক্ষণের সময়সীমার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না।
বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাসের সুযোগ রাখা হয়েছে। তবে এ ধরনের হিসাবের বিপরীতে নতুন করে মার্জিন ঋণ দেয়া যাবে না। এসব বিও হিসাবে কোনো লেনদেন ব্লক মার্কেটে করা যাবে না।
আরও পড়ুন <<>> সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা
পাশাপাশি প্রভিশনিং ও সমন্বয়কালীন সময়ে সংশ্লিষ্ট বিও হিসাবের বিপরীতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। এসময় স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাররা কোনো নগদ লভ্যাংশও ঘোষণা বা বিতরণ করতে পারবেন না।
সভায় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) থেকে মূল বাজারে তালিকাভুক্তির বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব কোম্পানি বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত রয়েছে, সেগুলোকে ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান লিস্টিং রেগুলেশন ও প্রয়োজনীয় শর্ত অনুসরণ করতে হবে।
এছাড়া প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ পদ্ধতিতে আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে জানানো যাবে। স্টক এক্সচেঞ্জ তাদের নিজস্ব পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের পর্যবেক্ষণও বিবেচনায় নিয়ে আইপিও আবেদন পর্যালোচনা করবে।
এদিকে, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ওই ব্যাংকের পরিচালিত কোনো কোম্পানির লভ্যাংশ হিসাব পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করেছে বিএসইসি। এ বিষয়ে ২০২১ সালের ১৪ জানুয়ারি জারি করা নির্দেশনা সংশোধনের সিদ্ধান্ত হয়েছে।
কমিশনের সভায় আরও সিদ্ধান্ত হয়, এটিবিতে তালিকাভুক্তির জন্য সম্মতিপত্রে আরবিট্রেশন ট্রাইব্যুনালের পরিবর্তে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির শর্ত অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোকে ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় আবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































