ছবি: আপন দেশ
টস হেরে বোলিং এ নামে বাংলাদেশ। শুরুতে দারুণ সূচনা পায় টাইগাররা। তাসকিন আহমেদের আঘাতে ভেঙেছে ছন্নছাড়া হয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফেরান তাসকিন। পরে ৫ম ওভারে বেন কারানকেও ফিরিয়েছেন তিনি।
দলীয় ১৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বেনেট। ১১ বল খেলে কারান করেছেন মাত্র ৬ রান।
পরে আবারও উইকেট পেয়েছেন তাসকিন। ওয়ানডেতে অভিষিক্ত তাফাদজওয়া টিসিগা তাসকিনের বলে পুল করতে গিয়ে বল তুলে দেন আকাশে। গ্লাভসের হাতে ক্যাচ তালুবন্দী করেন নুরুল হাসান সোহান। তাসকিনের ৩য় শিকার। ২৪ রান তুলতেই ৩ উইকেট হাওয়া জিম্বাবুয়ের।
শুরুর দিকে তাসকিনের পেস ঝড়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরের সাথে ক্রিজে জমে যান ক্রেইগ আরভিন। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন আরভিন-টেইলর। উইকেটের চারপাশে দারুণ সব শটে বের করেছেন রানও। দুজনেই ছুঁয়ে ফেলেন ফিফটি। জিম্বাবুয়েও দিশা ফিরে পায়।
ফিফটির পরেও ছুটেছেন আরভিন-টেইলর। সেঞ্চুরির দিকে এগিয়েছেন। জিম্বাবুয়ের ইনিংসও ধাক্কা সামলে এগিয়েছে বড় রানের দিকে। সেঞ্চুরির খুব কাছে গিয়ে অবশ্য থেমেছেন দুজনই। ১০১ বলে ৮১ রান করা টেইলরকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন সাইফ হাসান।
নিজের পরের ওভারেই সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন সাইফ হাসান। নিজের টানা দুই ওভারে টানা দুই উইকেট শিকার করে জিম্বাবুয়েকে ধাক্কা দেন সাইফ। বাংলাদেশকে ম্যাচেও ফেরান। ৫ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশ দেয় দারুণ জবাব।
আরভিন কিছুটা পরে ফিরেছেন। তাকে বিদায় করেছেন শরিফুল ইসলাম। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের দারুণ এক ক্যাচে বিদায় নিয়েছেন আরভিন। ১০৬ বলে ৯৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন তিনি। এর আগে ওয়েসলি মাধেভেরেকে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেটের দেখা পান রিশাদ হোসেন। ১৫ বলে ১৭ রান করে বিদায় নিয়েছেন মাধেভেরে।
শেষ দিকে জিম্বাবুয়ের রানের গতি কমে যায় অনেকটাই। ভয়ঙ্কর ব্র্যাড ইভান্সকে সাজঘরে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। এবারও সে নুরুল হাসান সোহানই ধরেছেন ক্যাচ। ৯ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন ইভান্স। একের পর এক উইকেট তুলে জিম্বাবুয়ের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন শরিফুল।
আরও পড়ুন <<>> বড় দুঃসংবাদ দিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা
নিউম্যান নিয়ামহুরি এবং ওয়েলিংটন মাসাকাদজা মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছেন। কিছু রানও বের করেছেন। আড়াইশ রান পার করেছে জিম্বাবুয়ের ইনিংস।
মাসাকাদজা এবং নিয়ামহুরির ব্যাটেই এগিয়েছে জিম্বাবুয়ের ইনিংস। সুযোগ বুঝে বাউন্ডারিও বের করেছেন দুজন। কিছু ক্যাচও ফেলেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। ১৭ বলে ২১ রান করে টিকে ছিলেন নিয়ামহুরি। ১৫ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন মাসাকাদজা।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং সাইফ হাসান। ১ উইকেট নেন রিশাদ হোসেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































