Apan Desh | আপন দেশ

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৪, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:২৬, ১৭ অক্টোবর ২০২৬

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেক দর্শনার্থী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর সন্ধ্যায় এ ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে কলকাতার চোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপে।

এ ঘটনায় উৎসবের আবহ মুহূর্তের মধ্যে শোক ও আতঙ্কে বদলে যায়। শুক্রবার সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল। এর মধ্যে প্রবল বৃষ্টি শুরু হলে মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে ভিড়ের চাপ আরও বেড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। 

একপর্যায়ে পিছন দিক থেকে ধাক্কা আসতে থাকলে সামনের সারিতে থাকা অনেকে ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাদের ওপর একের পর এক মানুষ পড়ে যাওয়ায় অনেকে নিচে চাপা পড়েন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, আটকে পড়া দর্শনার্থীদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়ে।

এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, তিনি তিন বান্ধবীকে নিয়ে মণ্ডপ থেকে বের হচ্ছিলেন। বাইরে বৃষ্টি হওয়ায় অনেকে মণ্ডপের মুখে দাঁড়িয়ে ছিলেন। সেসময় পিছন থেকে প্রবল ধাক্কা আসে। সামনে থাকা দর্শনার্থীরা পড়ে গেলে তাদের ওপর অন্যরা পড়তে থাকেন। তার তিন বান্ধবীও ভিড়ের নিচে চাপা পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা মণ্ডপের অন্য একটি অংশ ভেঙে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন <<>> মুচলেকা দিয়ে জামিন পেলেন অভিজিৎ দিপকে

আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে। তাদের শরীরে একাধিক আঘাত রয়েছে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চাপ বাড়তে থাকে। 

জরুরি বিভাগে চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়। ছুটির আবহে কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক হাসপাতালে না থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন বিভাগের প্রধানদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর নির্দেশ দেয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের অনেকে হাসপাতালে পৌঁছান এবং বাকিরা পথে ছিলেন। খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও হাসপাতালে যান। দুর্ঘটনার পর চোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপ আপাতত বন্ধ করে দেয়া হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়