ছবি সংগৃহীত
বেজে উঠেছে আরেকটি ফিফা বিশ্বকাপের দামামা। আসছে জুনের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াচ্ছে ফুটবলের এ মহাযজ্ঞ। তবে এখনও অনিশ্চয়তায় ইরানের ফুটবল দর। এরইমধ্যে নিজেদের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়েছে দেশটি। ফিফার অনুমোদনে এ স্থানান্তর হয়েছে বলে জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
ফিফার পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বিবৃতিতে জানিয়েছেন, অনুমতি তারা পেয়ে গেছেন।
তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের বেইস ক্যাম্প অবশ্যই ফিফা অনুমোদিত হতে হয়। সৌভাগ্যবশত, আমাদের আবেদন জমা দেয়ার পর এবং ইস্তানবুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের বৈঠকের পর, সে সঙ্গে শনিবার তেহরানে সম্মানিত ফিফা মহাসচিবের সঙ্গে আমাদের ওয়েবিনার বৈঠকের পর, আমাদের দলের ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের আমাদের অনুরোধটি অনুমোদিত হয়েছে।
বিশ্বকাপে ম্যাচের আগে ও পরে অনুশীলনের জন্য ব্যবহৃত হয় বেইস ক্যাম্প। এবারের আসরে ইরানি দলের বেইস ক্যাম্প হওয়ার কথা ছিল অ্যারিজোনার টুসনে কিনো স্পোর্টস কমপ্লেক্সে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগ ইরানের বিশ্বকাপ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
ইরানের ফেডারেশনের টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে নিজেদের নতুন বেইস ক্যাম্পের কথাও জানান মেহদি তাজ। প্রশান্ত মহাসাগরের কাছে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত টিহুয়ানা ক্যাম্প হবে ইরানের ঘাঁটি।
তিনি আরও উল্লেখ করেন যে, এ পদক্ষেপটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য ভিসা সমস্যার সমাধানও করতে পারে।
এ মাসের শুরুতে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে, তাদের ফুটবলার ও স্টাফরা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
‘জি’ গ্রুপে ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে; ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। পরের ম্যাচটি সিয়াটলে ২৬ জুন মিশরের বিপক্ষে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































