Apan Desh | আপন দেশ

এডহক কমিটি অবৈধ দাবি বুলবুলের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০১:০৬, ৮ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:০৭, ৮ এপ্রিল ২০২৬

এডহক কমিটি অবৈধ দাবি বুলবুলের

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের জেরে ভেঙে দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। এর পরই অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

তবে এনএসসির ওই তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এক জরুরি বিবৃতিতে এসব কথা জানান বুলবুল।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে কোনো ধরনের দুর্নীতি বা কারচুপির ঘটনা ঘটেনি। তার দাবি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সিআইডির অতিরিক্ত আইজিপির সমন্বয়ে গঠিত একটি স্বাধীন নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করেছে। তামিম ইকবালের কাউন্সিলরশিপসহ বিভিন্ন আপত্তির বিষয় সংবিধান অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উচ্চাভিলাষী কিছু সাবেক ক্রিকেটার বোর্ডকে অস্থিতিশীল করতে নির্বাচন নিয়ে ‘ফিক্সিং’-এর গল্প তৈরি করছেন।

তিনি আরও বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার আইনি এখতিয়ার এনএসসির নেই, যা আইসিসির গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন।

আরও পড়ুন <<>> আর্জেন্টিনার ফুটবলারকে হত্যা করতে চান ভিনিসিয়ুস

তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে তিনি ‘সাংবিধানিক ক্যু’ হিসেবে উল্লেখ করেন এবং সরকারের এ পদক্ষেপকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘কালো অধ্যায়’ বলে মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অস্থিরতা অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে শুরু করে জাতীয় দলের উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর হতে পারে বলেও উল্লেখ করেন।

সবশেষে, উচ্চ আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নিজেকেই বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে দায়িত্বে বহাল থাকার ঘোষণা দেন আমিনুল ইসলাম বুলবুল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়