Apan Desh | আপন দেশ

শিরোপা যুদ্ধে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৫, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:২৮, ৩ এপ্রিল ২০২৬

শিরোপা যুদ্ধে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ছবি: বাফুফে

ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ফুটবলাররা। ব্যাংককে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে চীনের মুখোমুখি হতে যাচ্ছে সাগরিকারা। অপরদিকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (০৩ এপ্রিল) রাত ৯টায় শিরোপা ধরে লড়াইয়ে নামবে যুবারা। 

গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তবে ফাইনালে ড্রয়ের সুযোগ নেই—নির্ধারিত ৯০ মিনিটেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ মার্ক কক্স শুরুতেই খানিকটা রসিকতা করে বলেন, আমার ৮৬ বছর বয়সী মা ফোন করে বলেছেন, এ বয়সে যেন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার মতো দুষ্টুমি না করি! জীবন মানেই তো প্রাণবন্ত থাকা।

এরপরই প্রতিপক্ষ ভারতকে সমীহ করে তিনি বলেন, আমরা ভারতের মতো একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তারা দারুণ খেলছে, তাদের কোচিং স্টাফও চমৎকার। তবে আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফও সমানভাবে প্রস্তুত। ভারত বড় দল—আমরাও কম নই।

বাংলাদেশ-ভারত দ্বৈরথের ঐতিহ্যের কথাও তুলে ধরেন এ কোচ। তার ভাষায়, বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-পাকিস্তান কিংবা বাংলাদেশ-শ্রীলঙ্কা—এ ম্যাচগুলোতে সবসময়ই আলাদা উত্তেজনা থাকে। যেমন আমার দেশে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। কাছের প্রতিপক্ষকে হারানোর তাড়না সবসময়ই বেশি থাকে।

আরও পড়ুন<<>>মোস্তাফিজকে নিয়ে যা বললেন আইপিএল চেয়ারম্যান

খেলোয়াড়দের আলাদা করে অনুপ্রাণিত করার প্রয়োজন নেই বলেও মনে করেন কক্স। তিনি বলেন, এ ধরনের ম্যাচের জন্য নতুন করে অনুপ্রেরণা লাগে না। সকালে উঠে মালদ্বীপের আকাশ, সমুদ্র আর পরিবেশ দেখাই যথেষ্ট। এ বয়সে যদি খেলোয়াড়দের মধ্যে অনুপ্রেরণা না আসে, তাহলে আর কিছু বলার থাকে না।

ম্যাচটা নির্ধারিত সময়েই জয়ের লক্ষ্য তার, একজন ইংরেজ হিসেবে পেনাল্টি শুটআউট থেকে দূরে থাকাই ভালো! ১৯৯০ বিশ্বকাপ, ১৯৯৬ ইউরো বা ১৯৯৮ বিশ্বকাপ—সবখানেই ইংল্যান্ড পেনাল্টিতে হেরেছে। তাই আমরা চাই ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করতে।

অধিনায়ক মিঠু চৌধুরীও কোচের সুরে কথা বলেন, আগের এক ফাইনালে ভারতের কাছে হেরেছিলাম। তাই তাদের বিপক্ষে ম্যাচ মানেই আমাদের ভেতরে আলাদা কিছু কাজ করে। আমরা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মনে করি। মাঠে নামলে সবাই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ, এবারও সেটাই করব—আশা করি ভালো কিছু হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়